জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি ও ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার যশোর জেলা জামায়াত আয়োজিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এই হুঁশিয়ারি দেন।
মোবারক হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শাহাদাত বরণ করলেও তাঁদের সঠিক তালিকা প্রণয়ন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।” তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে শহীদ পরিবারগুলো অবহেলিত রয়ে গেছে। তবে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ব্যক্তিগত উদ্যোগে শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।
বক্তব্যে তিনি গণভোটের রায় নিয়ে বিএনপির অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলেও রাজনৈতিক দলগুলো জনগণের ম্যান্ডেট থেকে সরে যাচ্ছে, যা প্রতারণার শামিল। ৭০ শতাংশ মানুষের রায়কে অস্বীকার করে বিএনপি প্রমাণ করেছে যে তারা জনগণের শক্তিতে নয়, বরং কারচুপিতে বিশ্বাসী।” জনগণের এই রায় উপেক্ষা করার অপচেষ্টাকে তিনি চরম নিন্দনীয় বলে আখ্যা দেন।
ওয়ার্ড সভাপতিদের উদ্দেশে তিনি বলেন, সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় নৈতিকভাবে দৃঢ় নেতৃত্ব গড়া অপরিহার্য। একজন দায়িত্বশীল ব্যক্তি নৈতিকভাবে দুর্বল হলে সমাজে অস্থিরতা বাড়ে। তিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর থাকার পাশাপাশি নিজেদের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।
সম্মেলন শেষে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবু সাদিক বিশ্বাস, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবুজাফর সিদ্দিকসহ জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।
