লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতে ভারতের গভীর উদ্বেগ
লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় ক্রমবর্ধমান বেসামরিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। খবর: আলজাজিরা।
বিবৃতিতে জয়সওয়াল বলেন, লেবাননে বিপুল সংখ্যক সাধারণ মানুষের হতাহতের ঘটনা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, ভারত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনিফিল’-এ (UNIFIL) নিয়মিত সেনা পাঠিয়ে আসছে। লেবাননের শান্তি ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত দেশ হিসেবে বর্তমান পরিস্থিতির অবনতি ভারতকে বিচলিত করছে।
আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “আন্তর্জাতিক আইন মেনে চলা এবং প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা বর্তমানে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।”
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাবের দিনেই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এই হামলায় এক হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫৪ জন। বৈশ্বিক এই মানবিক সংকটের মুখে ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোও তীব্র নিন্দা জানিয়েছে।
