গত কয়েক মাস ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আলোচনা ছিল একটাই—আসন্ন বিশ্বকাপে নেইমার জুনিয়রের খেলার সম্ভাবনা। চোট, অস্ত্রোপচার আর ফিটনেস জটিলতায় বিশ্বমঞ্চে এই সুপারস্টারের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার। তাকে ঘিরেই এবার ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) মিশনে নামছে কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে এক জমকালো সংবাদ সম্মেলনে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। সেখানে সবচেয়ে কাঙ্ক্ষিত নামটি ছিল নেইমার। শেষ মুহূর্তে আনচেলত্তির মুখে নেইমারের নাম উচ্চারিত হতেই পুরো সংবাদ সম্মেলন কক্ষে আনন্দের রোল পড়ে যায়।
অ্যালিসন বেকার, মার্কুইনহোস, ক্যাসেমিরো, দানিলো এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা অনুমিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন। তবে এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক রদ্রিগোর বাদ পড়া। ফর্ম বা কৌশলের কারণে এই রিয়াল মাদ্রিদ তারকাকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সেলেসাওরা।
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।
রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা ও মার্কুইনহোস।
মাঝমাঠ: ওয়েসলি, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো সিনিয়রি, ফ্যাবিনহো ও লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।
