শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

লেখক: আসিফ ইকবাল
প্রকাশ: ৬ ঘন্টা আগে

গাজীপুর জেলার শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে নাছিমা আক্তার (২৭) নামে গার্মেন্টস কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পালিয়ে গেছে তার স্বামী সাইদুল ইসলাম।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার জনৈক মজনু মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা।

নাছিমা আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক। নাছিমা শ্রীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

নাছিমা আক্তারের ভাই মাসুম আহমেদ বলেন, বোনের ভাড়া বাসার অদূরে একটি বাড়িতে ভাড়া থেকে তিনিও গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। রাত সাড়ে ৩টার দিকে নাছিমার বাসার অন্য ভাড়াটিয়ারা খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখান বোনকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ফ্লোরে ছটফট করতে দেখেন। এ সময় ভগ্নিপতি সাইদুল পালিয়ে গেছে। আশপাশের লোকজনের সহায়তায় নাছিমাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুম আহমেদ আরও জানান, বিয়ের পর কিছুদিন নাছিমার দাম্পত্য জীবন ভালোই কাটছিল। হঠাৎ করে ভগ্নিপতি সাইদুল মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হতো। তবে পারিবারিক অশান্তি হলেও দুটি সন্তানের কারণে সংসার ভাঙেনি বোন। শেষ পর্যন্ত স্বামীই নাছিমাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে বলে তার দাবি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, নাছিমা নামের নারীকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নাছিমাকে হত্যার পর তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক স্বামী পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় মামলা হবে।