সংরক্ষিত নারী আসনে যোগ্য ও পরীক্ষিতরাই মনোনয়ন পাবেন: রিজভী

লেখক: মিলন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে প্রার্থীর রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যারা দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ, দলীয় পার্লামেন্টারি বোর্ড তাদেরকেই মনোনীত করবে।”

তিনি আশা প্রকাশ করেন, দলের চূড়ান্ত সিদ্ধান্ত সবাই ঐক্যবদ্ধভাবে মেনে নেবেন এবং মনোনয়ন নিয়ে কোনো নেতিবাচক পরিবেশ তৈরি হবে না।

প্রথম দিনেই বিপুল সংখ্যক নারী নেত্রীর উপস্থিতিতে নয়াপল্টন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রথম ফরমটি জেরিন দেলোয়ার হোসেনের হাতে তুলে দেন রিজভী। দ্বিতীয় ফরমটি সংগ্রহ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিণী ফাতেমা আসাদ

এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক ও পেয়ারা মোস্তফাসহ আরও অনেক প্রবীণ ও নবীন নেত্রী।