দেশের শিক্ষিত তরুণ সমাজকে প্রথাগত ডিগ্রির মোহ ত্যাগ করে বাস্তবমুখী ও বৈশ্বিক দক্ষতায় সমৃদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় সফলভাবে সম্পন্ন হলো ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট (YES) ২০২৬’। গত ১২ এপ্রিল রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই সম্মেলনটি আয়োজন করা হয়। ‘দক্ষতাই ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশের কয়েকশ শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাজীবী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন যে, দক্ষ বাংলাদেশ গড়তে হলে তরুণদের কেবল সার্টিফিকেটধারী হলে চলবে না, বরং তাদের বৈশ্বিক বাজারের উপযোগী কারিগরি ও ব্যবহারিক দক্ষতায় পারদর্শী হতে হবে। তিনি এই সামিটকে তরুণদের মাঝে কর্মমুখী মানসিকতা বা ‘ডুআর মেন্টালিটি’ তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন। সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ইনোভেশন শোকেস, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শিত হয় এবং আমন্ত্রিত অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
গ্লোবাল পলিসি ডায়ালগ সেশনে বিশ্ব শ্রমবাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশি তরুণদের করণীয় এবং ভবিষ্যতের কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেন বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব ড. জিয়াউদ্দিন হায়দার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তারা বর্তমান পাঠ্যক্রমের সাথে শিল্পের চাহিদার সমন্বয় ঘটানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ড. সবুর খান উল্লেখ করেন যে, চাকরি খোঁজার মানসিকতা বদলে নিজেদের দক্ষ জনসম্পদ হিসেবে বৈশ্বিক প্ল্যাটফর্মে উপস্থাপন করাই এখনকার সময়ের মূল চ্যালেঞ্জ।
ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান তার মূল প্রবন্ধে তরুণদের যুগোপযোগী দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে. এম. হাসান রিপন তার স্বাগত বক্তব্যে তরুণদের সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বিশ্ব অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন। দিপ্তী, বিএসডিআই, স্কিল ডট জবস এবং ড্যাফোডিল জাপান আইটি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনটি তরুণদের জন্য দেশের শীর্ষস্থানীয় করপোরেট লিডারদের সাথে সরাসরি মতবিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করে দেয়।
