রাজধানীর বেইলি রোডের ‘নাটক সরণি’তে এক ব্যতিক্রমী সন্ধ্যায় হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কোনো ধরনের বিশেষ নিরাপত্তা কড়াকড়ি বা প্রটোকলের জৌলুস ছাড়াই সপরিবারে বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন তিনি।
মিলনায়তনে উপস্থিত সাধারণ দর্শকরা প্রথমে টেরই পাননি যে তাদের পাশেই বসে আছেন দেশের প্রধানমন্ত্রী। খুব বেশি নিরাপত্তার কড়াকড়ি না থাকায় সাধারণ মানুষের মতোই তিনি মিলনায়তনে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
নাটক দেখতে আসা তানহা চৌধুরী জানান, “আমি মেয়েকে নিয়ে নাটক দেখতে এসেছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীও নাটক দেখছেন। প্রথমে একদমই বুঝতে পারিনি, বিষয়টি আমাদের জন্য ভীষণ আনন্দের ছিল।”
নাটকটি শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সপরিবারে মঞ্চে উঠে আসেন। তিনি নাটকের কুশীলব শিশুদের সঙ্গে হাত মেলান এবং দীর্ঘক্ষণ কুশল বিনিময় করেন। শিশুদের সৃজনশীলতার প্রশংসা করে তিনি তাদের উৎসাহিত করেন।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর মাঝেও শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর এই গভীর অনুরাগ সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। এর আগে গত ৩ এপ্রিল তিনি তাঁর কন্যাকে নিয়ে সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গিয়েছিলেন। বেইলি রোডের এই সফর প্রমাণ করল যে, শিল্পের কদর করতে তিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতে পছন্দ করেন।
