লেবাননের শিশুদের ওপর যুদ্ধের অমানবিক প্রভাব

লেখক: মিলন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

লেবাননে ইসরাইলি বিমান হামলার তীব্রতা বাড়ার সাথে সাথে শিশুদের ওপর এর প্রভাব এক চরম অমানবিক পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে।

সম্প্রতি লেবাননে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বোমা হামলায় ৩৩ জন শিশু প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরও ১৫৩ জন। ইউনিসেফের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক সংঘাতের ফলে দেশটিতে এ পর্যন্ত প্রায় ৬০০ শিশু হতাহত হয়েছে, যা বর্তমান পরিস্থিতির ভয়াবহতাকে নির্দেশ করে।

পুরো দেশজুড়ে বর্তমানে প্রায় ১০ লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছাড়া। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ৩ লক্ষ ৯০ হাজার

অনেক শিশু একের অধিকবার বাস্তুচ্যুত হয়েছে।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা আজ চরম অনিশ্চয়তার মুখে।

যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রতিনিয়ত ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের উদ্ধারের খবর আসছে। অনেক শিশু নিখোঁজ রয়েছে, আবার অনেকে যুদ্ধকালীন বিশৃঙ্খলায় নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঘরবাড়ি হারানো, প্রিয়জনের মৃত্যু দেখা এবং যুদ্ধের ভয়াবহ শব্দ শিশুদের মনে দীর্ঘস্থায়ী ও গভীর মানসিক ক্ষতের সৃষ্টি করছে। এক প্রজন্মের শৈশব আজ বোমার শব্দের নিচে চাপা পড়ে যাচ্ছে।

ইউনিসেফ আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সংঘাতের সময় শিশুসহ সকল বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। বেসামরিক লক্ষ্যবস্তু এবং শিশুদের ওপর এ ধরণের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই সংকট নিরসনে এবং শিশুদের সুরক্ষা দিতে বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।